মেহেরপুর নিউজঃ
বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, মেয়েদের শিক্ষার প্রসার এবং সঞ্চয়ের মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে মেহেরপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপে) দ্বিতীয় পর্যায়ের আওতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মেহেরপুর সদর উপজেলার উদ্যোগে সোমবার সকালে সদর উপজেলার চাঁদবিল-ময়রামারি-কোলা (সিএমসি) মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘বাল্যবিবাহ বন্ধ চাই, যৌতুক বন্ধের বিকল্প নাই। সঞ্চয় করবো, ভবিষ্যৎ গড়বো, বাল্যবিবাহ রুখবো’—এ প্রতিপাদ্যে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিআরডিবির উপপরিচালক মো. আব্দুল আলীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. কাওসার আলী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান তারিক, সিএমসি মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাসানুজ্জামান, প্রধান শিক্ষক খালেদ ওমর রুমি, শিক্ষার্থী শোভা খাতুন এবং অভিভাবক মনিরা খাতুন।
সমাবেশে বাল্যবিবাহ ও যৌতুকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অভিভাবকদের সচেতন করা হয়। পাশাপাশি মেয়েদের শিক্ষার গুরুত্ব, আর্থিক সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং কন্যাশিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।