মেহেরপুর নিউজ :
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুপুরে দুদকের কুষ্টিয়া জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট দল অভিযান পরিচালনা করে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, ই-জিপি (e-GP) টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং নিম্নমানের ও অসম্পূর্ণ চিকিৎসা সামগ্রী সরবরাহ করা সত্ত্বেও শতভাগ বিল উত্তোলনসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা কার্যালয়ের সমন্বিত দুর্নীতি কমিশন (দুদক) এর সহকারী পরিচালক বুলবুল আহমেদ।
জানা যায়,দুদকের একটি দল গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায়।এসময় অভিযোগ সংশ্লিষ্ট ই-জিপি টেন্ডার প্রক্রিয়ার বিভিন্ন তথ্য ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে চিকিৎসাধীন রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলে দুদকের এ সদস্যরা। চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি, অনিয়ম কিংবা দালালের দৌরাত্ম্য রয়েছে কি না এবং রোগীরা যথাযথ সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না, সে বিষয়ে তাদের মতামত ও বক্তব্য গ্রহণ করা হয়।এ ছাড়া হাসপাতালের রান্নাঘর, রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবারের মান ও হাসপাতালের সার্বিক পরিবেশ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টিও সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।
সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, অভিযানের প্রয়োজনীয় রেকর্ডপত্র ও প্রাপ্ত তথ্যাদি বিস্তারিত ভাবে পর্যালোচনা ও বিশ্লেষণ করে এনফোর্সমেন্ট দল কর্তৃক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। এসময় অভিযানে দুদকের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।