মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি, মেহেরপুর জেলার উদ্যোগে আয়োজিত ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার মেয়েদের কাবাডি ইভেন্টে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে গাংনী উপজেলা চ্যাম্পিয়ন জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়। এ জয়ের মাধ্যমে দলটি অঞ্চল পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
মঙ্গলবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনাল খেলায় জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ২৭-৭ পয়েন্টে মেহেরপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
দারুণ নৈপুণ্য দেখিয়ে জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারিয়ে জেলা পর্যায়ে শিরোপা নিশ্চিত করে। বিজয়ী দল এখন অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতায় মেহেরপুর জেলার প্রতিনিধিত্ব করবে।