মেহেরপুর নিউজ :
মোবাইলে ভুয়া ক্যাপ্টেন, ব্রিগেডিয়ার ও কর্নেল পরিচয়ে প্রতারণা, টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়া এবং শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সাইবার ক্রাইম ইউনিটের যৌথ দল।
শনিবার (৫ সেপ্টেম্বর) থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. তাপস (২০), জয়নাল (৩৪), আবুল কালাম (৬৭), মোহাম্মদ কাউছার (২৯), মো. মিরাজান (২৫), নূরুল আবছার (৩৩) ও মো. ইসমাইল মীর (২৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তাররা মোবাইল ফোন ও টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন। এ সময় নিজেদের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা—ক্যাপ্টেন, ব্রিগেডিয়ার ও কর্নেল পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। একই সঙ্গে শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়েও প্রতারণা করার অভিযোগ পাওয়া গেছে।
মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ক্রাইম ইউনিটের সমন্বিত অভিযানে চক্রটির সদস্যদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে পৃথক মামলা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের পক্ষ থেকে অনলাইনে অপরিচিত ব্যক্তির পরিচয় যাচাই না করে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কেউ প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।