মেহেরপুর নিউজ :
কুষ্টিয়ার কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাক ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে জিসান (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত জিসান মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সীমান্তবর্তি সহড়াতলা গ্রামের পূর্বপাড়ার বদিরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিসান মাছ ব্যবসার কাজে কুষ্টিয়ার কুমারখালীতে গিয়েছিলেন। কাজ শেষে আলগামন যোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে তাদের বহনকারি আলগামনটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জিসানের মৃত্যু হয়।
উল্লেখ্য, মাত্র দুই মাস আগেই উপজেলার করমদী গ্রামে বিয়ে করেছিলেন জিসান। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত জিসানের মরদেহ কুষ্টিয়ার কুমারখালী থানা হেফাজতে রয়েছে।
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত আছেন। মরদেহ এলাকায় পৌঁছালে পরবর্তী আইনি প্রক্রিয়া ও খোঁজখবর নেওয়ার জন্য পুলিশের একটি দল সেখানে যাবে।