তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে দেবর আকরাম আলীর ধারালো ছুরিকাঘাতে খুন হয়েছেন ভাবী মালা খাতুন। আজ বৃহষ্পতিবার বেলা ১১ টার দিকে ছুরিকাঘাতে আহত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাবার পথে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী বামুন্দি চেরাগী পাড়াস্থ মরহুম নয়ন মন্ডলের ছেলে ও ঘাতক আকরাম আলী পিতা সোলেমান মন্ডল জানান, আকরাম আলী তার শিশু সন্তান তানজিম (৩) কে মারধর করার সময় তার বড় ভাবি বাধা দিলে তাকেও মারধর করে আকরাম আলী। এ সময় মালা নামের ভাবি তাকে ঠেকাতে আসলে তাকেও কিল ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয়। সোলেমান মন্ডল তাকে ঠেকাতে গেলে তাকেও ধাক্কা মেরে ফেলে দিয়ে তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে ভাবি মালাকে আঘাত করে মারাত্মক জখম করে পালিয়ে যায়।
সোলেমান সহ স্থানীয়রা মালাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আলফালাহ ক্লিনিকে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতলে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, বেলা ১১টার দিকে দেবর আকরাম আলী তার তিন বছরের শিশু পুত্র তানজিমকে গলা টিপে হত্যা করার সময় ভাবী মালা খাতুন বাধা দেয়। এসময় রাগান্বিত হয়ে মালা খাতুনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দেবর আকরাম। গুরুতর অবস্থায় মালাকে কুষ্টিয়া মেডিকেল কলেজে নেয়ার পথে মিরপুর নামক স্থানে তার মৃত্যু ঘটে।
মেহেরপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি ঘটনাস্থল পরিদর্শন করেন ও ঘাতক আকরামকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনার আশাবাদ ব্যক্ত করেন তিনি।