গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইনের পদত্যাগের দাবিতে অবস্থান করেছে বৈষম্য বিরোধী ছাত্র- জনতা। মঙ্গলবার সকালে তারা ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
জানা গেছে,কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন জনপ্রতিনিধির দায়িত্বের পাশাপাশি তিনি উপজেলার করমদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ঠিকমত পরিষদে আসেন না। এমনকি জনগণের সেবা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। এছাড়াও তার রাজনৈতিক কর্মকাণ্ড বিতর্কিত রয়েছে। সব মিলিয়ে ইউনিয়নবাসীর সেবা নিশ্চিতকরণের জন্য চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে প্যানেল চেয়ারম্যান এর মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের জন্য তার পদত্যাগ দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার পক্ষে বক্তব্য রাখেন তাজমুল ইসলাম। তিনি বলেন, আলম হুসাইন চেয়ারম্যান একজন ছদ্মবেশি ব্যক্তি। রাজনৈতিক কর্মকান্ডে তিনি কখনও জামায়াতে ইসলামী, কখনও আওয়ামী লীগ পরিচয় দিয়ে নানান রকম অপকর্ম করে আসছেন। তিনি ঠিকমতো ইউনিয়নবাসীকে সেবা দিচ্ছেন না। সেজন্য তার পদত্যাগের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান এর কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য ইউনিয়ন পরিষদ কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে ।
কাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক হোসেন জানান, তিনি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। গাংনীতে বিলাস বহুল বাড়িসহ অনেক সম্পদ গড়ে তুলেছেন। এতাে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মিশে সম্পদ গড়েছেন। আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই। এ সুযােগে তিনি জামায়াতের রুপ ধরে নানা অপকর্মের চেষ্টা করছেন। কিন্তু আমার জানা মতে,জামায়াতে ইসলামী সংগঠন তাকে গ্রহণ করবেনা।