মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নতুনকুঁড়ি সিজন-২ ফুটবল প্রতিযোগিতায় সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে আমদহ ইউনিয়ন। চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে দলটি জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
শনিবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আমদহ ইউনিয়ন টাইব্রেকারে ৪-৩ গোলে বুড়িপোতা ইউনিয়নকে পরাজিত করে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে উভয় দলই গোলের একাধিক সুযোগ পেলেও কোনো দল গোল করতে পারেনি। ফলে খেলার নিষ্পত্তি হয় টাইব্রেকারে।
টাইব্রেকারে আমদহ ইউনিয়নের পক্ষে রাসেল, সোলায়মান, মুসাব্বির ও আলী একটি করে গোল করেন। অন্যদিকে বুড়িপোতা ইউনিয়নের পক্ষে সালাউদ্দিন, রাব্বি ও সিফাত একটি করে গোল করেন।
এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস ফাইনাল খেলার উদ্বোধন করেন। এ সময় তিনি খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
খেলা চলাকালে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আয়োব হোসেন, ক্রীড়া শিক্ষক সোহেল রানা, শুকুর আলী ও আব্দুর রশিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।