মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র উদ্যোগে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) এবং আরসিআইপি প্রকল্পের আওতায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই-বাছাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আরিফুউদ্দৌলা।
কর্মশালায় সদর উপজেলা প্রকৌশলী মো. আখতার হোসেন, বেটসের জিআইএস স্পেশালিস্ট মো. সাকিব হাসান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, বুড়িপোতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লব হোসেন, আমঝুপি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সালমা খাতুন, শ্যামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন, বারাদী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মুকুল হোসেন, সিনিয়র সাংবাদিক তোজাম্মেল আজম, প্রকৌশলী আব্দুর রহমান, বিএনপি নেতা কাজী মিজান মেনন, মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম, বারাদী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আজিমুদ্দিন, পিরোজপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা এরশাদ আলী, প্রকৌশলী আসাদুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় সদর উপজেলার গ্রামীণ সড়কগুলোর বর্তমান অবস্থা, কোর রোড নেটওয়ার্ক, সড়কের অগ্রাধিকার নির্ধারণ এবং বিদ্যমান তথ্য যাচাই-বাছাই নিয়ে আলোচনা করা হয়। জিআইএস প্রযুক্তির মাধ্যমে সড়ক নেটওয়ার্কের তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়।
কর্মশালায় বক্তারা বলেন, পরিকল্পিতভাবে গ্রামীণ সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য সঠিক তথ্যভিত্তিক মাস্টারপ্ল্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে জনগুরুত্বপূর্ণ সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন ও সংস্কারের আওতায় আনা সম্ভব হবে।