মেহেরপুর নিউজ:
মেহেরপুরে চালকবিহীন একটি ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ভ্যানসহ খাদে পড়ে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—রুমানা (২৭), মেহেরপুর সদর উপজেলার পুরাতন মদনাডাঙ্গা গ্রামের আবু সাঈদের স্ত্রী; সামাদ (৪৫), সামসুল আলীর ছেলে; আখি খাতুন (১৮), সামাদের মেয়ে; সাফিয়া খাতুন (২), সাইদের মেয়ে এবং রিজুয়ান (২), সামাদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, (ঢাকা মেট্রো-ট-১৬-৮৩০০) নম্বরের একটি ট্রাক রাস্তার পাশে রেখে চালক বাইরে অবস্থান করছিলেন। সড়কের ওই অংশ সামান্য ঢালু থাকায় হঠাৎ ট্রাকটি সামনে গড়াতে শুরু করে। এ সময় যাত্রীবোঝাই একটি ভ্যান ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করলে নিয়ন্ত্রণহীন ট্রাকটির ধাক্কায় ভ্যানটি খাদে পড়ে যায়। পরে ট্রাকটিও খাদে উল্টে পড়ে।
দুর্ঘটনায় ভ্যানে থাকা যাত্রীরা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।