মেহেরপুর প্রতিনিধি:
জেলা পুলিশ মেহেরপুরের মাসিক আইন-শৃঙ্ঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার চুরি-ছিনতাই, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উস্কানি, মাদক নির্মূল, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ বিভিন্ন ধরনের অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সকল কর্মকর্তা ও ফোর্সকে আইনের আলোকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে মেহেরপুর জেলার সকল শ্রেণির নাগরিককে পুলিশিং সেবা দেওয়ার জন্য পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দেন পুলিশ সুপার।
এছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, গাংনী থানার অফিসার ইনচার্জ মোরশেদ চৌধুরী, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমারসহ জেলা পুলিশের কর্মকর্তারা।