মেহেরপুর নিউজ :
মাটি বহন করার সময় প্রধান সড়কে মাটি পড়ে জনজীবন চলাচল ব্যাহত করায় ৩ জন মাটি বহনকারী ট্রাক ড্রাইভারের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার বিকালের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে আবুল কালাম, স্বপন মিয়া এবং রবিউল ইসলাম নামের ৩ ট্রাক্টর চালকের নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ এর ১ ধারায় মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের আব্দুল মজিদের ছেলে কামাল, মুজিবনগর উপজেলার গৌরনগর গ্রামের কাওসার আলী ছেলে স্বপন এবং একই উপজেলার পুরোন্দপুর গ্রামের আরশেদ আলীর ছেলে রবিউল ইসলামের কাছ থেকে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ট্রাক্টর চালকগণ তাদের ট্রাক্টরে মাটি বহন করার সময় মুজিবনগরের বিভিন্ন সড়কে মাটি পড়ে সেখানে বৃষ্টির পানিতে সড়কে চলাচল ঝুঁকি বহন করে।
এ ঘটনায় তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।