মেহেরপুর নিউজ:
মেহেরপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অপরিচ্ছন্নতা ও খাদ্যসামগ্রী সংরক্ষণে অনিয়মের দায়ে খাওন ঘর হোটেলের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযানটি পরিচালনা করেন।
অভিযানে বিভিন্ন খাদ্য উৎপাদনকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় খাওন ঘর হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাদ্যসামগ্রী সংরক্ষণে অনিয়ম দেখতে পেয়ে হোটেল মালিক মো. সালাউদ্দিনের কাছ থেকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রাথমিক সতর্কতামূলক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দ্রুত প্রয়োজনীয় পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান চলাকালে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রিয়াজ মাহমুদ এবং মেহেরপুর জেলা পুলিশের সদস্যরা।