মেহেরপুর নিউজ:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা, প্রীতিভোজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে মেহেরপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাঁদের সার্বিক সুযোগ-সুবিধা, কর্মপরিবেশ এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।
এ সময় পুলিশ সুপার মনোযোগ সহকারে পুলিশ সদস্যদের বক্তব্য, প্রস্তাবনা ও আবেদন শোনেন। কিছু সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি অন্যান্য যৌক্তিক আবেদন পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।
আলোচনা সভায় পুলিশ সুপার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬-এর তাৎপর্য ও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি জেলা পুলিশের সব সদস্যকে পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বিশেষ কল্যাণ সভা শেষে জেলা পুলিশের সদস্যরা একসঙ্গে প্রীতিভোজে অংশ নেন। একই দিন বাদ আসর পুলিশ লাইন্স জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জামিনুর রহমান খান, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, গাংনী থানার অফিসার ইনচার্জ মোরশেদ চৌধুরী, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমারসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।