মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলার তিনটি পুলিশ স্টেশন (সদর, গাংনী ও মুজিবনগর) ও শহরের বিভিন্ন মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার মোতায়েন করা হয়েছে।
বুধবার সকাল থেকে এ মোতায়েন সম্পন্ন করা হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের নির্দেশনা ও খুলনা রেঞ্জ দপ্তরের পরিকল্পনা অনুযায়ী জেলার তিনটি থানার সার্বক্ষণিক নিরাপত্তা রক্ষায় জেলা প্রসাশন ও পুলিশ সুপারের সাথে সমন্বয় করে ৩৬ জন আনসার ব্যাটালিয়ন সদস্য এবং ট্রাফিক কন্ট্রোলে শহরের ব্যস্ততম মোড়গুলোতে ২৪ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত নিশ্চিত করেছেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ মোতায়েন কার্যক্রম চলমান থাকবে।
এদিকে জেলার সরকারি-বেসরকারি ২৪ টি গার্ড/সংস্থার নিরাপত্তায় ১১৫ জন অঙ্গীভূত আনসার, জেলা ও মুজিবনগর উপজেলা কার্যালয়ের নিরাপত্তায় প্রায় ৫০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে। অধিকতর নিরাপত্তার জন্য টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত বলেন, জনগণের ন্যায়সঙ্গত দাবির প্রতি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সব সময় শ্রদ্ধাশীল। জনগণের পাশে থেকে জনবাহিনী হিসেবে এ বাহিনী সব সময় কাজ করে যাচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় নিয়োজিত আনসার সদস্যদের সহযোগিতার আহবান জানান তিনি।
উল্লেখ্য যে, চলমান মোতায়েন ও নিরাপত্তা কার্যক্রমে মেহেরপুর জেলায় এ পর্যন্ত বিভিন্ন পদবির প্রায় ২৫০ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে।