মেহেরপুর নিউজ :
শ্রীশ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মেহেরপুরে পূজার্চনা, ধর্মীয় আলোচনা, ভক্তিমূলক সংগীত, হরিনাম সংকীর্তন ও নন্দোৎসবের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেলে মেহেরপুর সার্বজনীন শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে মন্দির পরিচালনা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি সঞ্জিত পাল বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন এবং পৌর জেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুরুদাস হালদার ও জেলা জাসাসের সদস্য সচিব এ বাকা বিল্লাহ।
এর আগে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে ভক্তিমূলক সংগীত পরিবেশন করা হয়। এছাড়া ধর্মীয় আলোচনা ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে শ্রীশ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়।