মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন বলেছেন, মেহেরপুরে নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে, এটি অত্যন্ত গৌরবের বিষয়। ভবিষ্যতে এ জায়গা থেকেই উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা যায়।
তিনি বলেন, বর্তমানে নারী ও পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, যা উন্নয়নের অন্যতম লক্ষণ। এখন আর ভেদাভেদের সুযোগ নেই। দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের সমাজব্যবস্থা, রাষ্ট্রব্যবস্থা ও ধর্মীয় অনুশাসন—সবকিছু মিলিয়ে একটি ঐক্যবদ্ধ পরিবেশ তৈরি হয়েছে। সবাই দেশের উন্নয়নে কাজ করছেন। এখন মিডিয়ার যুগ। ঘরে বসেই অনেক কিছু পরিচালনা করা সম্ভব হচ্ছে। আর এসব ক্ষেত্রে নারীরা বিশেষভাবে এগিয়ে রয়েছেন।
বুধবার সকালে মেহেরপুর সূচনা ক্যারিয়ার অ্যান্ড স্কিল ইনস্টিটিউটের অফিস উদ্বোধন ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেহেরপুর সূচনা ক্যারিয়ার অ্যান্ড স্কিল ইনস্টিটিউটের পরিচালক নাসরিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস এম ওবায়দুল বাশার। এ ছাড়া বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আমিনুল ইসলাম।
এর আগে প্রধান অতিথি ফিতা কেটে সূচনা ক্যারিয়ার অ্যান্ড স্কিল ইনস্টিটিউটের অফিস উদ্বোধন করেন। পরে তিনি অনুষ্ঠানে কেক কাটেন।