মেহেরপুর নিউজ:
মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় রবিবার দুপুরে গাংনী থানা পরিদর্শন করেছেন। থানায় পৌঁছালে গাংনী থানা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে পুলিশ সুপার প্যারেড পরিদর্শন করে সালাম গ্রহণ করেন।
পরিদর্শনকালে তিনি থানায় কর্মরত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় থানার বিভিন্ন অফিস কক্ষ ও ব্যারাক পরিদর্শন করে সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন।
পুলিশ সুপার জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করা, মাদকমুক্ত সমাজ গঠন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল সদস্যকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠু ও সময়োপযোগীভাবে সম্পাদন, ব্যারাক পরিচ্ছন্ন রাখা এবং ফোর্সের যৌক্তিক চাহিদার প্রেক্ষিতে ছুটি প্রদানের বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) নাভিদ তাসনিম এবং গাংনী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।