মেহেরপুর নিউজ :
উত্তাপ ও উত্তেজনাহীন মেহেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ।
বুধবার সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলবে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত। সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে এরই মাঝে নির্বাচন কমিশন তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
মঙ্গলবার সদর উপজেলার ৮৮ টি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে গেছে। মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ২ লক্ষ ৯ হাজার ৯৮৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫ হাজার ১৪৭ জন এবং মহিলা ভোটার রয়েছেন ১ লক্ষ ৪ হাজার ৮৩৬ জন। মেহেরপুর সদর উপজেলার ১টি পৌরসভা ও ৭ ইউনিয়নে ৮৮ টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। ৮৮ টি কেন্দ্রের জন্য ৮৮ জন প্রিজাইডিং অফিসার। ৫২২ জন সহকারী প্রিজাইডিং অফিসার। এবং ১ হাজার ৪৪ জন পোলিং অফিসার ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। তারাও কেন্দ্রে অবস্থান করছেন।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান হওয়ার লক্ষ্যে ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রচারণার ক্ষেত্রে কোন উত্তাপ ছড়াতে পারেনি কোন প্রার্থী। মেহেরপুর শহরে দুইজন প্রার্থীর মাইকযোগে প্রচার করা ছাড়া গ্রাম গঞ্জের তেমন প্রচারণা লক্ষ্য করা যায়নি।
আওয়ামী লীগ নেতা আবুল হাশেম, আলফাজ উদ্দিন, যুবলীগ নেতা নিশান সাহেবের এবং সাবেক ছাত্রলীগ নেতা শামিম উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।