তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে পুত্র পিতাকে পিটিয়ে জখম করেছে। রবিবার সকালে উপজেলার জুগিন্দা গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। আহত হতদরিদ্র পিতা মৃত জহুরুল ইসলামের ছেলে জমির উদ্দিন (৬০) জানান, তার ছেলে মিনহাজ (৩৫) তার নিকট থেকে দুই হাজার টাকা দাবি করে না পেয়ে তাকে গাছের ডাল দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে।
অসহায় পিতা কারো সহযোগিতা না পেয়ে আহত অবস্থায় বাড়িতেই অবস্থান করছিলেন। রাত সাড়ে ৯ টার দিকে আজান গ্রামের ক্লাবের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। পিতা জমির উদ্দিন অবাধ্য সন্তানের বিচার দাবি করে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেন। গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।