তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে পাকা গোডাউনে আগুন লেগে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বড় বামন্দি (কড়ইগাছি বামন্দি) গ্রামে ইসরাইল হোসেনের গোডাউনে আগুন লেগে এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
ইসরাইল হোসেন ওই গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে। সংবাদ পেয়ে বামুন্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-স্টেশন অফিসার ইসাহাক আলী বিশ্বাস ও টিম লিডার মহিউদ্দিন সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছিয়ে প্রায় দেড় ঘন্টা যাবত প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে , গোডাউনের মধ্যে ধান, গম ও পাটসহ একটি হিরো হোন্ডা মোটরসাইকেল পুড়ে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে আগুনের সূত্রপাত এর কারণ হিসেবে ভুক্তভোগী পরিবার প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরকে দায়ী করেছেন।