মেহেরপুর নিউজ:
‘আমার সন্তানের সুস্থতার জন্য সাহায্য করুন, আমার সন্তানকে বাঁচাতে আপনারা এগিয়ে আসুন’, মাথায় পানি জমা শিশুর চিকিৎসার জন্য দেশে-বিদেশে অবস্থানরত বিত্তবান, হৃদয়বান মানুষদের প্রতি এমনটাই আকুতি জানিয়েছেন এক অসহায় বাবা। ৫ বছর বয়সী ওই শিশুটি এখনও সমবয়সীদের সাথে হেসে-খেলে সময় কাটাতে পারে না। জন্মের ৬ মাস পর থেকে এ যাবত দুঃসহ যন্ত্রণা, আর্তচিৎকার নিয়ে বেঁচে আছে । তার পুরো নাম জিনিয়া খাতুন বয়স ৫বছর । সে মেহেরপুর পৌর গোরস্থান পাড়ার অসহায়, দরিদ্র অটোচালক জাহিদ হাসানের কন্যা।
মাত্র ৬ মাস বয়সে জিনিয়া‘র মাথায় পানি জমা ধরা পড়ে। বাবা, চাচা ও আত্মীয়দের আপ্রাণ প্রচেষ্টায় ইতোমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা করা হয়েছে। কিন্তু এখন আর কুলিয়ে উঠতে পারছেন না জিনিয়া‘র মা-বাবা আর পরিবারের লোকজন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মাথায় একটি অপারেশন করলে জিনিয়া সুস্থ্য হয়ে যাবে। এ অপারেশন করতে ৫ থেকে ৬ লক্ষ টাকার প্রয়োজন। টাকা যোগাড় করে অপারেশন করতে পারলে মহান আল্লাহপাকের মেহেরবানিতে হয়তো সুস্থ হয়ে উঠতে পারে অবুঝ জিনিয়া।
জিনিয়া খাতুনের চাচা সেলিম রেজা জানিয়েছেন, তারা অসহায় হয়ে পড়েছেন, পরিবারের পক্ষে কোনো ভাবেই সম্ভব নয় এত টাকা যোগাড় করা।
জিনিয়া বাবা জাহিদ হাসান বলেন, মেয়ের চিকিৎসা করাতে গিয়ে আমাদের সব শেষ হয়ে গেছে। আমরা এ সন্তানকে নিয়ে কোথায় যাই, কার কাছে যাই? আমরা কিছুই বুঝে উঠতে পারছি না। একজন বাবা হিসেবে সন্তানের পরিণতির কথা ভাবতেই দম বন্ধ হয়ে যায়। ‘আমরা অসহায় হয়ে পড়েছি। আমার সন্তানের সুস্থতার জন্য সাহায্য করুন, আমার সন্তানকে বাঁচাতে আপনারা এগিয়ে আসুন, সমাজের বিত্তবান, হৃদয়বান সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আল্লাহর রহমতে আমার মেয়ে জিনিয়া আবার সুস্থ হয়ে উঠবে’। জিনিয়ার চিকিৎসার ব্যাপারে যে কেউ তার বাবা মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন। মোবাইল নম্বর : ০১৭৭৬৪৯৫৫০৮।