গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ব্রজপুর গ্রামে উচ্চস্বরে মাইক বাজানােকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ফুলঝুরি খাতুন (৩০) নামের এক নারী আহত হয়েছেন। আহত ওই নারী ব্রজপুর গ্রামের মােখলেছুর রহমানের স্ত্রী।
আহতের পরিবারের দাবি,মাইকে উচ্চস্বরে বঙ্গবন্ধুর ভাষণ বাজানাের অপরাধে ফুলঝুরিকে প্রতিপক্ষের হাতে হামলার শিকার হতে হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়,ফুলঝুরির স্বামী মোখলেছুরসহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি সামাজিক প্রোগ্রামের আয়োজন করেন। এ কারণে সকাল থেকে বাজানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭-ই মার্চের ঐতিহাসিক ভাষণ। এসময় প্রতিবেশী মহাসিন আলী ও তার ছেলে মন্জুর রহমান মাইক জােরে বাজাতে নিষেধ করেন। এ নিয়ে দু’পক্ষের লােকজনের সাথে বাকবিতন্ডা বাধে।
ফুলঝুরির স্বামী মোখলেছুর রহমান জানান,আমার বাড়ির আঙ্গিনায় ঘরােয়া অনুষ্ঠানের লক্ষে সকাল থেকে বঙ্গবন্ধুর ভাষণ চলছিল। এ সময় ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী মহাসেন আলী ও তার ছেলে মন্জুর, কাশেমের ছেলে আরিফুল আমাকে মারতে যান। এসময় আমার স্ত্রী ফুলঝুরি ঠেকাতে গেলে,তাকে পিটিয়ে জখম করেন।
স্থানীয়রা আমার স্ত্রীকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ডাক্তার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এদিকে মন্জুর রহমান জানান,বঙ্গবন্ধুর ভাষণের জন্য মাইক বাজাতে নিষেধ করা হয়নি। মাইকের আওয়াজ আস্তে বাজানাের জন্য বলা হয়েছিল। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,বিষয়টি আমি শুনেছি,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।