মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামে বাড়িতে বৃষ্টির পানি প্রবেশকে কেন্দ্র করে পানের বরজ ভাঙচুরের অভিযোগ উঠেছে।
জানা গেছে, বাবুপুর গ্রামের বক্তার মোল্লার ছেলে মোশাররফ হোসেনের পানের বরজের পাশ দিয়ে বৃষ্টির পানি প্রতিবেশী রতনের ছেলে আকাশের বাড়িতে প্রবেশ করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আকাশ তার বাড়ির পাশের মোশাররফ হোসেনের পানের বরজের বেশ কিছু অংশ ভেঙে তছনছ করে বলে অভিযোগ করা হয়েছে।
এতে মোশাররফ হোসেনের পানের বরজের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষয়ক্ষতির বিচার চেয়ে তিনি স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত আকাশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।