মেহেরপুর নিউজ:
আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মেহেরপুর জেলা শাখার সভাপতি অনন্ত হালদারের নেতৃত্বে সোমবার বিকালের দিকে শহরের হালদারপাড়া অনুষ্ঠিত মানববন্ধনে দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবীনামা পেশ করা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে জাতপাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্যমূলক আইন প্রণয়ন করা। আদমশুমারি ২০২১ এ দলিত জনগোষ্ঠীর জন্য আলাদা তথ্য সংগ্রহ করা। জাতীয় বাজেটের দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট ভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বরাদ্দ বৃদ্ধি করা সহ ৮ দফা দাবি বাস্তবায়ন করার জন্য আহ্বান জানানো হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সম্পাদক মৃন্ময় সাহা, সদস্য শ্যামল হালদার, স্বপন হালদার, প্রভাকর হালদার, সুব্রত হালদার, চিন্তা রানী, মিনতি রানী হালদার প্রমূখ।