মেহেরপুর নিউজ:
নেশা করতে নিষেধ করায় কুলাঙ্গার পুত্র তার পিতা মোঃ রেজাউল হক (৫৫) কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত রেজাউল হক হরিরামপুর গ্রামের মৃত নূর বক্সের ছেলে।
জানা গেছে হরিরামপুর গ্রামের রেজাউল হকের পুত্র ইকবাল হোসেন (২৭) বেশ কয়েকবছর ধরে মাদক সেবনের আসক্ত হয়ে পড়ে। এ ব্যাপারে ইকবাল হোসেনের পিতা রেজাউল হক তার ছেলেকে মাদক সেবন করতে নিষেধ করে।
মঙ্গলবার সকালের দিকে বরাবরের মতো ইকবাল হোসেনকে মাদক সেবন করা থেকে বিরত থাকতে বললে, পিতা-পুত্রের মাঝে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ইকবাল তার হাতে থাকা হাসুয়া দিয়ে পিতা রেজাউলের গলায় কোপ দেয়। এসময় তিনি মারাত্মক আহত হন। পরে আহত অবস্থায় তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে স্থানীয়রা মোঃ ইকবাল কে আটক করে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে।