সাহাজুল সাজু :
ঈদ প্রতীক্ষার শেষ মুহুর্তে মেহেরপুরের গাংনীতে চলছে ঈদের কেনাকাটার ধুম। ক্রেতাদের উপচে পড়া ভীড়ের কারণে দোকানিদের হিমশিম খেতে হচ্ছে। এতে জমে ওঠেছে গাংনী উপজেলা শহরের ঈদ মার্কেটগুলাে।
গাংনী উপজেলা শহরের ছোট বড় বিপণী বিতানগুলোতে নতুন ডিজাইনের বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। নতুন পোশাকে ঈদ কাটবে, এমন প্রত্যাশায় দিনের গরমকে উপেক্ষা করে ক্রেতারা আসছেন তাদের পছন্দের পোশাক কিনতে।
শনিবার সকালের দিকে গাংনী বাজারের এসএম প্লাজা,স্মরণিকা মার্কেট,নিউজ মার্কেট,আমিরুল মার্কেট,গাংনী হাইস্কুল মার্কেটসহ বিভিন্ন মার্কেট-এর গার্মেন্টসসহ অন্যান্য দােকানে নারী ও পুরুষ ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে। তবে পুরুষ ক্রেতাদের চেয়ে নারী ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে। এদিকে ঈদ উপলক্ষে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে প্রতিটি দোকানে দৃষ্টিনন্দন ডিজাইনের কাপড় সাজিয়ে এবং ঝুলিয়ে রেখেছেন দোকানিরা। এসব দোকানে নারী ও তরুণীদের জন্য রঙ-বেরঙের থ্রি-পিস, শাড়ি, ওয়ান পিচ, ল্যাহাঙ্গা পাওয়া যাচ্ছে।
পুরুষদের জন্য রয়েছে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ও লুঙ্গী। ছোটদের জন্য পাওয়া যাচ্ছে বিভিন্ন ডিজাইনের পোশাক। এদিকে জুতা ও কসমেটিকসের দোকানগুলোতে ক্রেতা সমাগম চোখে পড়ার মতো। গাংনী বাজারে ঈদের কেনা-কাটা করতে আসা কলেজ ছাত্রী পিংকি বলেন, বাড়ীর জন্য মার্কেট করতে এসেছি। এবার ঈদটা অনেক ভাল এবং আনন্দের হবে। পরিবারের সবার জন্য পোশাক কিনছি। প্রায় দোকানে বিভিন্ন ডিজাইনের কাপড় দেখা যাচ্ছে। পছন্দ মতো কেনা-কাটা করছি, তবে দামটা একটু বেশি।