মেহেরপুর নিউজ:
তরুণ উদীয়মান ফুটবলার শান্তর হ্যাটট্রিকসহ গুনে গুনে ১০ বার প্রতিপক্ষ গাংনীর চৌগাছা ইয়াংস্টারের জালে বল ফেলেছে মেহেরপুরের রফিকপুর একাদশ। অর্থাৎ রফিকপুর একাদশ ১০-১ গোলে বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে ৫ম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রফিকপুর একাদশ।
রবিবার গোভীপুর মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ৫ম খেলায় রফিকপুর একাদশ গোলবন্যায় ভাসিয়ে ১০-১ গোলের বিশাল ব্যবধানে গাংনীর চৌগাছা ইয়ং স্টার ক্লাবকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের রফিক পুরের তরুণ উদীয়মান খেলোয়াড় শান্ত প্রথমার্ধের ১০ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। ১৯ মিনিটের মাথায় শান্ত গোল করে নিজের ও দলের গোলের ব্যবধানে দ্বিগুনে পরিণত করেন। প্রথমার্ধের ২৮ মিনিটের মাথায় মিল্টন গোল করে গোলের ব্যবধান ৩-এ নিয়ে যান। প্রথমার্ধের ৩২ মিনিটের মাথায় চৌগাছার পক্ষে রেদওয়ান একমাত্র গোলটি করেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর রফিকপুর তাদের আক্রমণের আরো বাড়িয়ে দেন। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে মিয়ারাজ গোল করে গোলের সংখ্যা বাড়ান। ১১ মিনিটের মাথায় ঘানার খেলোয়ার আব্বাস গোল করেন।২০ মিনিটের মাথায় শান্ত গোল করে তার হ্যাটট্রিক পূর্ণ করেন। দলের পক্ষে খালিদ ২২ ও ২৩ মিনিটের মাথায় পরপর দুটি গোল করেন। ২৮ মিনিটের মাথায় দলের পক্ষে নবম গোলটি করেন সজল এবং দশম গোলটি করেন রাসেল ৩১ মিনিটের মাথায়।
খেলায় বিজয়ী দলের শান্ত ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করেন সুমন। তাকে সহযোগিতা করেন আলমগীর হোসেন লালটু ও জাহাঙ্গীর। মেহেরপুর সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বজলুর রহমান, টুর্নামেন্ট কমিটির সহ-সভাপতি সেলিম, পলাশ জাকির প্রমুখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।