বারাদী প্রতিনিধিঃ
জাতীয় সমাজতান্ত্রিক দল ( জাসদ ) এর ছাত্র সংগঠন জাতীয় যুব জোট মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকে মেহেরপুর সদরের বারাদীতে সাংবাদিকদের ভলিবল সেট প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে বারাদী বাজারের ১ নং জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। “মাদক ছেড়ে খেলতে চলো” এই প্রতিপাদ্যে জাতীয় যুব জোটের পক্ষ থেকে বিভিন্ন ক্লাব ও সংগঠনের মাঝে এই সকল খেলার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় যুব জোট মেহেরপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য নুর উছ-সাফা প্লাবন বলেন, বর্তমানে উঠতি বয়সের ছেলেরা মোবাইলে বিভিন্ন গেম ও মাদকাসক্তে আসক্ত হয়ে যাচ্ছে। এই সব বিপথগামী কিশোরদের আলোর পথ দেখাতে জাতীয় যুব জোট মেহেরপুর জেলা শাখা এই কর্মসূচী হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে বারাদীতে সাংবাদিকদের একসেট ভলিবল প্রদান করা হয়েছে।
দৈনিক সময়ের সমীকরণ ও দৈনিক জবাবদিহি’র বারাদী প্রতিনিধি এসআই বাবু, দৈনিক মাথাভাঙ্গা’র বারাদী প্রতিনিধি হামিদুল ইসলাম এবং মেহেরপুর প্রতিদিন’র বারাদী প্রতিনিধি নাহিদ হাসান ভলিবল গ্রহণ করেন।
সাংবাদিক এসআই বাবু বলেন, জাতীয় যুব জোট মেহেরপুর জেলা শাখার সভাপতি আমাদের সম্মানিত করে একসেট ভলিবল প্রদান করেছেন। ভলিবলটি গ্রামের তরুণদের খেলা করার জন্য প্রদান করা হবে।