গাংনী প্রতিনিধি :
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে মােটরসাইকেল দুর্ঘটনায় ২ জন মারা গেলেও আহত হয়ে বেঁচে ছিলেন মােস্তাকিম হােসেন। ৪দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার সকালে অবশেষে মৃত্যুরকােলে ঢলে পড়লেন মােস্তাকিম। যুবক মোস্তাকিম মেহেরপুরের গাংনী উপজেলার ওলিনগর গ্রামের মকবুল হোসেনের ছেলে। মােস্তাকিম পেশায় ছিলেন ট্রাক্টর ড্রাইভার।
গত শুক্রবার বিকেলে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ওলিনগর গ্রামের কাছে
মােটরসাইকেল দুর্ঘটনায় এ ঘটনা ঘটে।
জানা যায় ,গত শুক্রবার বিকেলে গাংনী উপজেলার তেরাইল গ্রামের রকি ও ওলিনগর গ্রামের মােস্তাকিম দ্রুতগামি মােটরসাইকেলযােগে বামন্দী শহরের দিক থেকে তেরাইল বাজারের দিকে ফিরছিলেন। তারা ওলিনগর গ্রামের কাছে পৌঁছালে, পথচারী ওলিনগর গ্রামের মুন্টু মিয়াকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় রকি, মােস্তাকিম ও মুন্টু গুরুতর ভাবে আহত হয়। স্থানীয়রা মুন্টুকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন। এদিকে গুরুতর আহত রকি ও মােস্তাকিমকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে,শুক্রবার রাতে রকির মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য মােস্তাকিমকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান ৪দিন লাইফ সাপাের্টে থাকার পর মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।