মেহেরপুর নিউজ :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ অরুনকে সঙ্গে নিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও মতবিনিময় করেছেন মেহেরপুরের মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান।
রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত মুজিবনগর উপজেলার কোমরপুর হাটসহ বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মাসুদ অরুন ও মশিউর রহমান ধানের শীষের পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
গণসংযোগকালে তারা বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মহাজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হক কালু, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মইনুদ্দিন ময়নাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।