মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে একটি দল শহরের মল্লিকপাড়ায় রেহানা খাতুনের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৭১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
রেহানা খাতুন চঞ্চলের স্ত্রী। তবে অভিযানের সময় চঞ্চল ও তার স্ত্রী বাড়িতে উপস্থিত ছিলেন না।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ৮(গ), ৪০ ও ৪১ ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পলাতকদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।