মেহেরপুর নিউজ:
মেহেরপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬ এর আওতায় ৫৫ হাজার ২৫৩ জন শিশুকে টিকা প্রদান করা হবে। সোমবার সকালে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
রবিবার বিকেলে মেহেরপুর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সিভিল সার্জন অফিস মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডা. আবু সাঈদের সভাপতিত্বে ব্রিফিংয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক।
জানা গেছে, মেহেরপুর জেলার একটি পৌরসভাসহ তিনটি উপজেলায় ৬৩৯টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। মোট ৫৫ হাজার ২৫৩ জন শিশুর মধ্যে ২৭ হাজার ৮৬৭ জন ছেলে এবং ২৭ হাজার ৩৮৬ জন মেয়ে রয়েছে।
উপজেলা ভিত্তিক তথ্যে দেখা যায়—মেহেরপুর সদর উপজেলায় ১৩৬টি কেন্দ্রে ১৮ হাজার ২৮ জন (৯,১৩৫ ছেলে ও ৮,৮৯৩ মেয়ে), গাংনী উপজেলায় ২৯৮টি কেন্দ্রে ২৫ হাজার ১৬৩ জন (১২,৭৪৩ ছেলে ও ১২,৪১৯ মেয়ে), মুজিবনগর উপজেলায় ৯৬টি কেন্দ্রে ৮ হাজার ২২১ জন (৪,০৫৬ ছেলে ও ৪,১৫৫ মেয়ে) এবং মেহেরপুর পৌরসভায় ১০৬টি কেন্দ্রে ৩ হাজার ৮৫২ জন (১,৯৩৩ ছেলে ও ১,৯১৯ মেয়ে) শিশুকে টিকা প্রদান করা হবে।
এছাড়াও মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে টিকাদান কার্যক্রম চলবে।
ব্রিফিংয়ে সিনিয়র সাংবাদিক তোজাম্মেল আজম, মিজানুর রহমান, ওয়াজেদুল হক, রফিকুল আলম, ফারুক হোসেন, গোলাম মোস্তফাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।