মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে দুর্বৃত্তদের গুলিতে মুকুল হােসেন (৫০) নামের এক বিএনপি নেতা গুরুতর ভাবে আহত হয়েছেন। দুই সন্তানের জনক আহত মুকুল হােসেন জেলার গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের নেক মহাম্মদের ছেলে এবং সাহারবাটী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
সােমবার ভােরে গ্রামের সড়ক দিয়ে হাটতে গিয়ে তিনি হামলার শিকার হন।
স্থানীয়রা জানান, মুকুল হােসেন সােমবার ভােরের দিকে গ্রামের সড়কে ব্যয়াম করছিলেন। এসময় ওঁৎ পেতে থাকা দুর্বত্তরা তাকে লক্ষ্য করে পরপর ৫টি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লােকজন আহত মুকুলকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে, কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এদিকে,খবর শুনে গাংনী থানার ওসি উত্তম কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি উত্তম কুমার দাস জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে সাহারবাটী গ্রামের টােকন আলী (৫০) নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।