মেহেরপুর নিউজ:
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের ইভেন্টে প্রাথমিকভাবে আবেদনকারী প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। পরে প্রার্থীদের শারীরিক মাপজোক ও কাগজপত্র যাচাই-বাছাইয়ের জন্য পুলিশ লাইন্স মাঠে নেওয়া হয়।
প্রথম দিনের ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে দ্বিতীয় দিনের পরীক্ষার জন্য প্রবেশপত্র ও ঘোষণাপত্র বিতরণ করা হয়।
এ সময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন হবে। তিনি সতর্ক করে বলেন, নিয়োগপ্রাপ্তরা শুধুমাত্র নিজেদের যোগ্যতার ভিত্তিতেই নির্বাচিত হবেন। তাই কোনো প্রার্থী বা তাদের পরিবার যেন প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়েন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
প্রাথমিক বাছাই পর্বের প্রথম দিনের ইভেন্টে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। এছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা থেকে মনোনীত প্রতিনিধি মো. আরিফুল ইসলাম, এআইজি (কমিউনিটি অ্যান্ড বিট পুলিশিং) উপস্থিত ছিলেন।
নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা জেলা মো. মিনহাজ-উল-ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়া জেলা মো. দেলোয়ার হোসেন। এ ছাড়াও নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।