মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামে গাঁজা বহনকারী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দেড় কেজি গাঁজাসহ অনিক হোসেন বিপ্লব (চালক) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। আটক অনিক হোসেন বিপ্লব মেহেরপুর শহরের হালদারপাড়ার নাজিম হোসেনের ছেলে।
জানা গেছে, কালো রঙের একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১২-৩৩১১) করে শোলমারি এলাকা থেকে গাঁজা নিয়ে মেহেরপুরে আসছিল বিপ্লব। পথিমধ্যে তেরোঘরিয়া গ্রামে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে নেফাজ উদ্দিনের ছেলে আরশাদ আলীর বসতঘরে সজোরে ধাক্কা মারে। এতে গাড়িটি ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং বাড়ি ও গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে চালককে আটক করে পুলিশে খবর দেয়। পরে মেহেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি তল্লাশি চালিয়ে দেড় কেজি গাঁজা উদ্ধার করে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।