মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে অবৈধভাবে কাঠ পোড়ানোর অভিযোগে এক ইটভাটা মালিকের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর-বারাকপুর এলাকার আলিফ ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর আনসারীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, সরকারি আইন অমান্য করে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছে। এ অপরাধে বুড়িপতি ইউনিয়ন পরিষদের সদস্য ও ভাটা মালিক চঞ্চলের বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৬ ও ১৫ লঙ্ঘনের অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক টিপু সুলতান প্রসিকিউশন প্রদান করেন। অভিযানে পুলিশ বিভাগ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।