মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর ক্রিকেট বালিকা বিভাগে গাংনী উপজেলা একাদশ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গাংনী উপজেলা একাদশ ৫৪ রানের বড় ব্যবধানে মেহেরপুর সদর উপজেলা একাদশকে পরাজিত করে শিরোপা জয় করে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে গাংনী উপজেলা একাদশ নির্ধারিত ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। দলের পক্ষে জান্নাতুল মাওয়া সর্বোচ্চ ৩৭ রান করেন। এছাড়া অতিরিক্ত থেকেই আসে ৫০ রান। সদর উপজেলার পক্ষে সুলতানা ১টি উইকেট লাভ করেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মেহেরপুর সদর উপজেলা একাদশ নির্ধারিত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে কাইফা সর্বোচ্চ ১৯ রান করেন। গাংনী উপজেলার হয়ে হুজাইফা ১টি উইকেট শিকার করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এতে গাংনীর জুম্মিয়ারা ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। হুজাইফা ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার লাভ করেন। এছাড়া জুম্মিয়ারা সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার অর্জন করেন।