মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর ক্রিকেট বালক বিভাগে মেহেরপুর পৌর একাদশ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনাল খেলায় মেহেরপুর পৌর একাদশ ৯ উইকেটে গাংনী উপজেলা একাদশকে পরাজিত করে শিরোপা জয় করে।
টসে জিতে মেহেরপুর পৌর একাদশের অধিনায়ক গাংনী উপজেলা একাদশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে গাংনী উপজেলা একাদশ নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে আরেফিন সর্বোচ্চ ২৮ রান করেন। মেহেরপুর পৌর একাদশের হয়ে নাহিয়ান ও তানভীর ২টি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মেহেরপুর পৌর একাদশ ৭.৪ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে রাজ ৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। গাংনী উপজেলা একাদশের হয়ে রুপম ১টি উইকেট লাভ করেন।
খেলায় মেহেরপুর পৌর একাদশের রাজ ম্যান অব দ্য ফাইনাল এবং সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার অর্জন করেন। এছাড়া সাইফ ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার লাভ করেন।