মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর ফুটবল বালিকা বিভাগে মুজিবনগর উপজেলা একাদশ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুজিবনগর উপজেলা একাদশ ৩-০ গোলে মেহেরপুর সদর উপজেলা একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
খেলার প্রথমার্ধের ৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মুজিবনগর একাদশকে এগিয়ে নেন মোহনা। সদর উপজেলা একাদশের ফারজানা ডি-বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে গিয়ে হ্যান্ডবল করলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে মোহনা দলকে ১-০ গোলে এগিয়ে দেন।
এরপর ১২ মিনিটের সময় আবারও পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মোহনা। এর আগে অবশ্য সদর উপজেলা একাদশের শারমিনা পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হন।
দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে সোহানার গোলে মুজিবনগর উপজেলা একাদশ ৩-০ গোলের জয় নিশ্চিত করে।
খেলা শেষে বিজিত দলের শারমিন প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হন। এছাড়া বিজয়ী দলের সালমা ম্যান অব দ্য টুর্নামেন্ট, লামিয়া সর্বোচ্চ গোলদাতা এবং তাসফিয়া সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন।