মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে আবারও হত্যার হুমকি দিয়ে ককটেল সদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
রােববার দিবাগত রাতের কোনো এক সময় গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের বাবলু মিয়ার বাড়ির প্রবেশপথে দোকানের সামনে এসব রেখে যায় দুর্বৃত্তরা। গৃহকর্তা বাবলু জোড়পুকুরিয়া গ্রামের মৃত রিয়াজুল মাস্টারের ছেলে।
সোমবার সকালে পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।পুলিশ সেখান থেকে ককটেল সদৃশ ২টি বস্তু,ও ২টি চিরকুট উদ্ধার করে গাংনী থানায় নেয়।
গৃহকর্তা বাবলু মিয়া বলেন, এর আগেও কয়েকবার চিরকুট লিখে হুমকি দিয়েছে আমাকে। আমি এবং আমার পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছি।যারা এর সাথে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি করছি। আমাদের প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকতে হয় কখন কি ঘটে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন,এ ঘটনায় জড়িতদের সনাক্তের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।অপরাধী যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে।