মেহেরপুর নিউজঃ
মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকৌশলী মো. শহিদুল্লাহকে সভাপতি এবং প্রফেসর হাসানুজ্জামান মালেককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, ২০০৭ সালে প্রতিষ্ঠিত ফ্রেন্ডস ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৯৭৫ ও ১৯৭৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছে।
সংগঠনটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা, তিনটি চক্ষু শিবির ও দুটি স্বাস্থ্য শিবির আয়োজন, আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা, গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, অসহায় শীতার্ত মানুষের মাঝে খাদ্য ও কম্বল বিতরণ এবং দেশবরেণ্য লোকশিল্পী মরহুম ফরিদা পারভীনকে নিয়ে মেহেরপুর শামসুজ্জোহা পার্কে সাংস্কৃতিক উৎসবের আয়োজন।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সংগঠনের গঠনতন্ত্রের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এলাকার আর্থসামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।