মেহেরপুর নিউজ:
বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদ, মেহেরপুর জেলা শাখার উদ্যোগে স্বর্গীয় বাবুলাল বাশফোড়ের স্মরণে আয়োজিত দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টে সিরাজগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে উভয় দল সমতায় থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে সিরাজগঞ্জ জেলা ৪-২ গোলে দর্শনাকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
শ্রী মহাদেব বাশফোড়ের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুল হক অনু, মনা, আসিফ এবং লিপিকা দে।
অনুষ্ঠানে অতিথিরা খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে সুস্থ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। পরে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়।