মেহেরপুর নিউজ:
মেহেরপুরে ভোক্তা অধিকার অভিযানে দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা
মেহেরপুর নিউজ:
মেহেরপুরে রড বিক্রির ওজনমাপক যন্ত্র ভেরিফিকেশন না করা এবং অবৈধভাবে জ্বালানি গ্যাস বিক্রি ও মজুতের কারণে দুই ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকায় এ তদারকিমূলক অভিযান পরিচালনা করে জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জ্বালানি গ্যাস, সার, বীজ, কীটনাশক, রড ও সিমেন্ট ক্রয়-বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানে রড বিক্রির ওজনমাপক যন্ত্র ভেরিফিকেশন না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স জনি এন্টারপ্রাইজের মালিক মো. মিজানুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, অবৈধভাবে জ্বালানি গ্যাস বিক্রি ও মজুতের অভিযোগে মেসার্স এ আর ট্রেডার্সের মালিক মো. রাফাদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রিয়াজ মাহমুদ।