মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর দিশারির উদ্যোগে আয়োজিত চায়না বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ফুটবলের আঘাতে রেফারি আনারুল ইসলাম রক্তাক্ত জখম হয়েছেন।
বুধবার বিকেলে আশরাফপুর ভাটার মাঠে বন্ধু একাদশ ও ওসমান একাদশের মধ্যকার ফাইনাল খেলার শেষ দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেলার শেষ দিকে ওসমান একাদশ নিজেদের সীমানায় ডি-বক্সের ভেতর একটি ফ্রি-কিক পায়। দলের ডিফেন্ডার তাজ জোরালো শটে কিক নেন। এ সময় প্রায় ২০ গজ দূরে দাঁড়িয়ে থাকা রেফারি আনারুল ইসলামের কানের ওপর বলটি সজোরে আঘাত করে।
বলটির আঘাতে আনারুল ইসলাম মাটিতে পড়ে জ্ঞান হারান। এ সময় তার কান দিয়ে অঝোরে রক্ত ঝরতে থাকে। ঘটনাটি দেখে মাঠে উপস্থিত খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
আঘাতের পর সাময়িকভাবে খেলা বন্ধ রাখা হয়। পরে রেফারি আনারুল ইসলামকে প্রাথমিকভাবে সেবা-শুশ্রূষা দিয়ে মাঠের বাইরে পাঠানো হয়।
পরবর্তীতে তার পরিবর্তে অন্য একজন রেফারিকে দায়িত্ব দিয়ে ফাইনাল খেলার বাকি অংশ শেষ করা হয়।