মেহেরপুর নিউজঃ
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি, মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের ছেলেদের দাবা প্রতিযোগিতায় বড় গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসলিম হোসেন তামিম।
মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে অংশ নেওয়া তাসলিম হোসেন তামিম জেলা পর্যায়ের ফাইনাল খেলায় জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এর মধ্য দিয়ে সে অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের তাসলিম হোসেন তামিম মুজিবনগর উপজেলা চ্যাম্পিয়ন জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাফিউল হক রিজভীকে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।
তাসলিম হোসেন তামিমের এই সাফল্যে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অভিনন্দন জানিয়েছেন।