মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয় ও অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রোববার দুপুরের দিকে মেহেরপুর ভৈরব নদের পন্ডেরঘাট অংশে এ পোনামাছ অবমুক্ত করা হয়। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (৩৩৩) ও মেহেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত শওকত আরা আক্তার ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আঁখি আখতার, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান ও সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ উপস্থিত ছিলেন।
মৎস্য সম্পদের উন্নয়ন, দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি এবং জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ ধরনের পোনা অবমুক্তকরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।