মেহেরপুর নিউজ :
বাংলার গ্রামীণ জনপদের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ বাউল গান। একসময় গ্রামবাংলার মানুষের বিনোদন, আত্মার প্রশান্তি ও জীবনবোধের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল এই গান। তবে আধুনিক বিনোদনের নানা মাধ্যমের প্রভাবে ঐতিহ্যবাহী বাউল সঙ্গীতের চর্চা অনেক জায়গায় কমে আসছে। হারাতে বসা এই লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে অনুষ্ঠিত হয়েছে বাউল সঙ্গীত অনুষ্ঠান।
অনুষ্ঠানে বাউল সঙ্গীতের মাধ্যমে বাংলার মাটি ও মানুষের কথা, মানবতা, প্রেম, সাম্য এবং আত্মিক উপলব্ধির বিষয়গুলো তুলে ধরা হয়।
বাউল গান শুধু বিনোদনের মাধ্যম নয়; এর মধ্যে রয়েছে মানুষের জীবন, সমাজ, মানবপ্রেম ও আত্মপরিচয়ের নানা দর্শন। সহজ ভাষা ও সুরের মাধ্যমে বাউল শিল্পীরা মানুষের হৃদয়ে গভীর অনুভূতি জাগিয়ে তোলেন।
বুধবার দিবাগত রাতে হাড়িয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাউল সঙ্গীত অনুষ্ঠিত হয়।
হাড়িয়াদহ বাউল উদযাপন কমিটি সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ উদ্দীন,ষােলটাকা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম,যুবদল নেতা সম্রাট,ছাত্রদল নেতা জুয়েল রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন যুবদল নেতা মুনসাদ আলী।