মেহেরপুর নিউজ:
মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে জয়লাভ করেছে মেহেরপুর ইলেভেন একাদশ।
শুক্রবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় ইলেভেন একাদশ ৮০ রানের বিশাল ব্যবধানে খোকসা একাদশকে পরাজিত করে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দায়ানের ঝোড়ো ব্যাটিংয়ে ইলেভেন একাদশ ১৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে দায়ান সর্বোচ্চ ৯৭ রান করেন। খোকসা একাদশের সিজারুল ৩টি ও শাহিন আলম ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে খোকসা একাদশ ১৯ ওভারে ১০৯ রান করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে জয় সর্বোচ্চ ২০ রান করেন। ইলেভেন একাদশের পক্ষে পল্লব ও ইউসুফ ৩টি করে উইকেট নেন।
খেলায় বিজয়ী দলের দায়ান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির পরিচালক সাইদুর রহমান জিকো তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন।