মেহেরপুর নিউজ:
পিরোজপুরের নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং তাঁর প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগে মেহেরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মেহেরপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ মেহেরপুর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক শামসুল আলম সোনার নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সদস্য সচিব আব্দুর রশিদ, জেলা ডেপুটি কমান্ডার মো. সিরাজুল ইসলাম, পৌর কমান্ডার জামিল উদ্দিন, সদর থানা কমান্ডার সিরাজুল ইসলাম, মুজিবনগর উপজেলা কমান্ডার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আহসান আলী খান, গাংনী উপজেলা কমান্ডার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, পিরোজপুর ইউনিয়ন কমান্ডার মো. ইদ্রিস আলী, থানা সদস্য চাঁদ আলী, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ও রায়হানুল কবির প্রমুখ।
এ ছাড়া মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড, মুজিবনগর শাখার সভাপতি মো. মোখলেছুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের তীব্র প্রতিবাদ জানান। তাঁরা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও সম্মান রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, দায়ীদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।